ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প

বহুল প্রতীক্ষিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন। মঙ্গলবার (২৬ মে) ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত ও ভুটান থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিতে পারেন। এ উচ্চপর্যায়ের সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি প্রধান আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ঢাকার নতুন সরকার পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ মেগা প্রকল্পে অর্থায়নের জন্য বেইজিংয়ের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রধানমন্ত্রীর এ সম্ভাব্য সফর প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উপযুক্ত সময়ে চীন সফর করবেন। তবে প্রথম বিদেশ সফরের নির্দিষ্ট তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি।


অন্যদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সফরকে আসন্ন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে পৌঁছাবে। চীন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।


ads
ads
ads

Our Facebook Page

↑